ব্যাটসম্যানদের সামর্থ্য আর ডমিঙ্গোর চমক খুঁজে পেল না কেউ..

শনিবার, ২০ মার্চ ২০২১ | ২:৫০ অপরাহ্ণ

ব্যাটসম্যানদের সামর্থ্য আর ডমিঙ্গোর চমক খুঁজে পেল না কেউ..
apps

ঘরের মাঠে কিউইদের হোয়াইটওয়াশ করার সুখস্মৃতি থাকলেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ কখনোই তাদের হারাতে পারেনি। জয়টা যেন অধরাই টাইগারদের। সেই আক্ষেপ ঘুচাতে এবার প্রায় মাস খানেক আগেই সেখানে যায় ডমিঙ্গোর দল।

করোনার কারণে কোয়ারেন্টাইনে থাকতে হয় বাংলাদেশ দলকে। যদিও প্রথম ওয়ানডের আগে যথেষ্ট সময় পেয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। যেখানে ম্যাচের আগে অধিনায়ক তামিম ইকবালও বলেছিলেন, এর চেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না।

কিন্তু এবারও প্রত্যাশা আর প্রাপ্তির খাতা শূন্য। ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে পুরো ৫০ ওভার খেলতে পারল না তামিম-লিটন-মাহমুদুল্লাহরা। টপঅর্ডার সঙ্গে মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা যেন এদিনও দৃশ্যমান। ব্ল্যাক-ক্যাপসদের আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যেখানে সৌম্য-মিথুনরা দিয়েছেন দায়িত্বহীনতার পরিচয়। সব মিলিয়ে দলগত পারফরম্যান্সের অভাবটাই পরিলক্ষিত হয়।

কিউইদের কাছে এমন হারে হতাশ টাইগার সমর্থকরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের সামর্থ্য নিয়ে প্রশ্ন তুললেন তারা। সেই সঙ্গে কোচ রাসেল ডমিঙ্গোর চমক নিয়েও প্রশ্ন তাদের। বলছেন, সাকিব আল হাসান থাকলে ম্যাচের ফল হয়তো অন্যরকম হতো।

নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে বরবারই টাইগারদের বেগ পেতে হয়। সেই সঙ্গে সেখানকার উইকেটে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে না পারাটা পুরোপুরি ব্যর্থতা। তাইতো বিদেশের মাটিতে আবারও ব্যাটসম্যানদের মানসিক অবস্থার সঙ্গে একাদশ নিয়ে প্রশ্ন তুলেছেন সমর্থকরা। এদিকে এ ম্যাচে সাকিব আল হাসান থাকলে হয়তো ফলাফল অন্যরকম হতো বলেও মনে করছেন টাইগার ভক্তরা।

খেলায় জয় পরাজয় থাকবেই। তাই বলে প্রস্তুতির পর্যাপ্ত সময় পেয়েও এমন পারফরম্যান্স সত্যিই দুঃখজনক। তবে ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররা নিজেদের ভুল শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে। এমনটাই বিশ্বাস ৫৬ হাজার বর্গমাইলের অগণিত টাইগার সমর্থকদের।

Development by: webnewsdesign.com