বীরপ্রতীক খেতাব তারামন বিবির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ | ১:৪৪ অপরাহ্ণ

বীরপ্রতীক খেতাব তারামন বিবির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
বীরপ্রতীক তারামন বিবি
apps

বিগত ২০১৮ সালের এই দিনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা সদরের কাচারীপাড়া এলাকায় অবস্থিত নিজ বাড়িতে ইন্তেকাল করেন বীরপ্রতীক তারামন বিবি। মঙ্গলবার (১ ডিসেম্বর) তারামন বিবির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

তার একমাত্র ছেলে তাহের আলী জানিয়েছেন, মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাচারীপাড়া এলাকার বাড়িতে কোরানখানি এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের শংকর মাধবপুর গ্রামের প্রয়াত আবদুস সোবহানের সাত ছেলেমেয়ের মধ্যে তৃতীয় ছিলেন তারামন বিবি। তিনি লেখাপড়ার সুযোগ পাননি। অন্যের বাড়িতে কাজ করতেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে রান্না করতেন ১৪ বছর বয়সী তারামন বিবি। রান্না করতে করতে অস্ত্র চালাতে শেখেন। তারপর রান্নার খুন্তি ফেলে রাইফেল হাতে মুক্তিযোদ্ধাদের সঙ্গে অংশ নেন সম্মুখ সমরে।

মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীরপ্রতীক খেতাব দেওয়া হলেও সে কথা তিনি দীর্ঘ ২৫ বছর জানতে পারেননি। ময়মনসিংহের আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিমল কান্তি দে স্থানীয় মুক্তিযোদ্ধা সোলায়মান আলী এবং রাজিবপুর কলেজের সহকারী অধ্যাপক আবদুস সবুর ফারুকীর সহায়তায় তাকে খুঁজে বের করেন। এরপর ১৯৯৫ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে তার হাতে বীরপ্রতীক খেতাবের পদক তুলে দেওয়া হয়েছিল।

মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীরপ্রতীক খেতাবপ্রাপ্তদের মধ্যে মাত্র দুজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন তারামন বিবি।

Development by: webnewsdesign.com