কক্সবাজারের উখিয়া উপজেলা সংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে গোলাগুলিতে একজন রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ৪০ হাজার ইয়াবাসহ একটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) ভোররাত ৪টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির বাইশ ফাঁড়ির মিয়ানমার সীমান্ত রেখায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ইয়াবা কারবারি আদহাম (২৩) নাইক্ষ্যংছড়ির তমব্রু কোনাপাড়া রোহিঙ্গা শিবিরের আবুল হাসেমের ছেলে।
কক্সবাজারে মেজর সিনহা হত্যার দীর্ঘ ৮২ দিন পর এটি প্রথম কোন বন্দুকযুদ্ধে নিহতর ঘটনা।
কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, মিয়ানমার থেকে বাংলাদেশে একটি মাদকের চালান ঢুকতে পারে।
এমন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ি বিওপির দুইটি আভিযানিক টহল দল বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ৩নং ঘুমধুম ইউনিয়নের দক্ষিণ বাইশফাঁড়ি মক্করটিলার উত্তর দিকে রাস্তার ঢালুতে অবস্থান নেয়।
পরে ভোর আনুমানিক ৪টার দিকে ১০-১২ জনের একদল লোককে পাহাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে বিজিবি লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে তারা। এ সময় বিজিবিও পাল্টা গুলি করলে ইয়াবা ব্যবসায়ীরা পাহাড়ি জঙ্গলের মধ্য দিয়ে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
পরবর্তী ঘটনাস্থল তল্লাশি করে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা করে তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার সময় জিজ্ঞাসাবাদে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
গোলাগুলির সময় বিজিবি দুই সদস্য আহত হয়েছে। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।
Development by: webnewsdesign.com