ঝড় জলোচ্ছ্বাস আসলে সুন্দরবন আমাদের রক্ষা করে, তাই সুন্দরবনকে ভালবাসতে হবে।
‘‘বিশ্ব ভালবাসা দিবসে সুন্দরবনকে ভালবাসুন’’ এই স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনে বাগেরহাটে সুন্দরবন দিবস উদযাপিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় বাগেরহাট প্রেসক্লাব ও বেসরকারী সংগঠন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন যৌথভাবে এই সুন্দরবন দিবসের আয়োজন করে।
বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ফরিদুল ইসলাম। প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি আহাদ উদ্দীন হায়দার, শেখ আহসানুল করিম, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার ও অর্থ সম্পাদক ইয়ামিন আলী প্রমূখ।
বক্তারা বলেন, সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। ঝড় জলোচ্ছ্বাস আসলে সুন্দরবন আমাদের রক্ষা করে, সুন্দরবন আমাদের মায়ের মত আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে।
আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
২০০২ সাল থেকে উপকূলীয় বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে স্থানীয় প্রেসক্লাবসহ বিভিন্ন বেসরকারী সংগঠন দিবসটি পালন করে আসছে।
২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারী সংগঠন রূপান্তর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহ দেশের অর্ধশতাধিক সংগঠন যৌথভাবে সুন্দরবনের সম্পদের সুরক্ষা, পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনার দাবিতে এবং সুন্দরবনের প্রতি দেশ বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে খুলনায় তিন দিনের জাতীয় সুন্দরবন সম্মেলন আয়োজন করে। ঐ সম্মেলন থেকে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা দেয়া হয়। আয়োজকরা শুরু থেকে এই দিনটিকে জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছে।
Development by: webnewsdesign.com