চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষক মোজাম্মেল হক (৫৫) বাঁশখালীর চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল গ্রামের সন্ধিপাড়া ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক।
এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) মোজাম্মেলের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি রেজাউল করিম মজুমদার।
তিনি বলেন, তৃতীয় শ্রেণির ওই ছাত্রী কোরআন পড়া শেখার জন্য প্রতিদিন সকালে মাদ্রাসাটিতে যেত। গত একমাসে চারবার জোর করে ধর্ষণ করা হয়েছে বলে ওই শিশুটি জানিয়েছে।
‘সর্বশেষ আজ সোমবার ধর্ষণের শিকার হওয়ার পর ওই ছাত্রী তার মাকে বিষয়টি জানায়। এরপর মেয়েটির মা বাদী হয়ে বাঁশখালী থানায় মামলা দায়ের করেন।’
বাঁশখালী থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, অভিযুক্ত মোজাম্মেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
Development by: webnewsdesign.com