ফিফা কোনো ফান্ড স্থগিত করেনি: সালাম মুর্শেদী…

বুধবার, ০৭ এপ্রিল ২০২১ | ৭:০৭ অপরাহ্ণ

ফিফা কোনো ফান্ড স্থগিত করেনি: সালাম মুর্শেদী…
apps

ফিফা থেকে নিয়মিত যে খাতগুলোতে আর্থিক সহায়তা পেয়ে থাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তা পাচ্ছে। এমনটাই দাবি বাফুফে ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর। কিন্তু, আর্থিক কার্যক্রম আদর্শ মানের না হলে, আটকে থাকা উন্নয়ন প্রকল্পের টাকা পাওয়া নিয়ে শঙ্কা আছে।

এমনটা বলছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সেই সঙ্গে তারা এও দাবি করেছেন, বাফুফের অর্থনৈতিক কার্যক্রম নিয়ে ফিফা সন্তুষ্ট।

একটা অস্থির সময় পার করছে দেশের ক্রীড়াঙ্গন। ক্রিকেট থেকে ফুটবল, মাঠে যতটা নিষ্প্রভ খেলোয়াড়রা; তাদের অভিভাবক সংস্থাগুলোও যেন অগোছালো। নেপালের মাটিতে ২২ বছরের অপেক্ষার অবসান ঘোচানোর ম্যাচে খামখেয়ালি দেশের ফুটবলাররা। আর সপ্তাহের ব্যবধানে ফিফার কাঠগড়ায় বাফুফের ফিন্যান্স কমিটি।

সভ্য সমাজে কিংবা দাপ্তরিক কার্যক্রমে শব্দের ব্যবহার কতটা গুরুত্ব পায় তা বলার অপেক্ষা রাখে না। আপাত দৃষ্টিতে স্বচ্ছতা, নিরপেক্ষতা বা জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠলে তা আত্মসম্মানে লাগার কথা যে কারও। তবে ফিফার সঙ্গে অনলাইন বৈঠকে ব্যবহার করা এই শব্দগুলোকে কেবল শব্দ হিসেবেই দেখছে বাফুফে।

এখানেই শেষ নয়, বাফুফের অর্থনৈতিক কার্যক্রম নিয়ে ফিফা সন্তুষ্ট, এমনটাও দাবি করেছেন এই ফুটবল কর্তা।

সালাম মুর্শেদী বলেন, ‘আমরা সবার পেমেন্ট একাউন্টে দিয়ে থাকি। পেমেন্ট মেথডে সমস্যা নেই। ফিফা কোনো বরাদ্দ বন্ধ রাখেনি। এখানে অস্বচ্ছতা বলে কিছু নেই। অর্থ ব্যয়ের ব্যাপারে যেসব নীতিমালা অনুসরণ করা দরকার সেগুলোর কথা বলেছে ফিফা।’

সাদা চোখে সহ-সভাপতির সঙ্গে কিছুটা সাংঘর্ষিক সাধারণ সম্পাদকের বক্তব্য। যদি সন্তুষ্টির মাত্রা ফিফার মন মতোই হয়ে থাকে, তাহলে উন্নয়ন প্রকল্পের অর্থায়নের সঙ্গে কেন জুড়ে দেওয়া হবে আর্থিক কার্যক্রমের মানোন্নয়নের শর্ত?

আবু নাইম সোহাগ জানান, ‘আমরা ফিফাকে জানিয়েছি তারা যেন প্রতিনিধি পাঠিয়ে বাফুফের হিসাবের প্রক্রিয়াগুলো দেখিয়ে দেয়।’

অবশ্য ফিফা নিয়মিত যে খাতগুলোতে অর্থায়ন করে আসছে ফুটবল ফেডারেশনকে, তা চলমান আছে বলে দাবি ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদীর।

তবে সালাউদ্দিনের নেতৃত্বাধীন কমিটি ১২ বছরেও ক্রয়, দরপত্র আহ্বান কিংবা পাওনা পরিশোধের কোনো লিখিত নীতি প্রণয়নে ব্যর্থতার দায়টা কার কাঁধে চাপাবেন? এমন প্রশ্ন উড়ছে ফুটবল পাড়ায়।

Development by: webnewsdesign.com