ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় বহু ক্লু পাওয়া গেছে

মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০ | ৬:০৮ অপরাহ্ণ

ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় বহু ক্লু পাওয়া গেছে
ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি
apps

ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী মাহমুদ আলাভি বলেছেন, দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যাকাণ্ডের ঘটনায় এরইমধ্যে বহু ক্লু পাওয়া গেছে। শুক্রবার(২৭নভেম্বর) দেশটির রাজধানী তেহরানের কাছে ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী এবং দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেকে সন্ত্রাসীরা বোমা হামলা ও দূর নিয়ন্ত্রিত মেশিনগানের সাহায্যে গুলি চালিয়ে হত্যা করে।এরই মধ্যে ইরানের সরকারি এবং সামরিক কর্মকর্তারা জোরালো ইঙ্গিত দিয়েছেন যে, ইসরায়েল এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। পাশাপাশি তারা হত্যাকাণ্ডের কঠিন প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

আমেরিকার প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস তিনজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েল জড়িত। সোমবার(৩০নভেম্বর) রাজধানী তেহরানে নিহত বিজ্ঞানী ফাখরিজাদের দাফন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের গোয়েন্দা মন্ত্রী আলাভি বলেন, হত্যাকাণ্ডের পরই ইরানের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রচেষ্টা শুরু করেছে এবং তারা এরইমধ্যে বিভিন্ন ধরনের ক্লু খুঁজে বের করতে সফল হয়েছে। এগুলো বিভিন্ন আঙ্গিক থেকে তদন্ত করে দেখা হচ্ছে।

গোয়েন্দা মন্ত্রী বলেন, এখনই এ সমস্ত বিষয় সম্পর্কে বিস্তারিত বলা যাবে না কারণ বিষয়গুলো তদন্তের পর্যায়ে রয়েছে। তবে ইরানের জনগণকে সময়মতো অবশ্যই তদন্তের ফলাফল জানানো হবে।

Development by: webnewsdesign.com