ভোলার মনপুরায় এস.এস.সি পরীক্ষার্থীকে প্রেমিকের বাড়ি থেকে ধরে এনে পরীক্ষায় অংশগ্রহন করালেন ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল। ওই শিক্ষার্থী সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মানবিক বিভাগের নিয়মিত পরীক্ষার্থী। এছাড়াও প্রেমিক একই স্কুলের অনিয়মিত এস.এস.সি পরীক্ষার্থী। রোববার সকাল ৯ টা ৫৫ মিনিটে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজে এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
জানা যায়, জ্যাকব কলেজের এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে মানবিক বিভাগের নিয়মিত এক পরীক্ষার্থী উপস্থিত না হওয়ার বিষয়টি কেন্দ্র সচিব আবদুল বাচেত ও সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। পরে স্থানীয় চেয়াম্যান অলি উল্লা কাজল তাৎক্ষনিক খোজঁ-খবর নিয়ে ওই পরীক্ষার্থীকে প্রেমিকের বাড়িতে থেকে ধরে এনে পরীক্ষায় অংশগ্রহন করায়।
এর আগে শনিবার ওই পরীক্ষার্থী বাসা থেকে ৫০ হাজার টাকা নিয়ে রাতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। পরে অভিভাবক রাতে অনেক চেষ্ঠার পর মেয়েকে প্রেমিকের বাড়ি থেকে আনতে পারেনি।
এই ব্যাপারে কেন্দ্র সচিব আবদুল বাচেত জানান, সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত মানবিক বিভাগের এক পরীক্ষার্থী ৯টা ৫৫ মিনিটে কেন্দ্রে উপস্থিত না হলে বিষয়টি ওই স্কুলের প্রধান শিক্ষক সহ ইউপি চেয়ারম্যানকে অবহিত করি। পরে চেয়ারম্যানের সহযোগিতায় ওই পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
দক্ষিণ সাকুচিয়া ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, ঘটনাটি কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষকের কাছ থেকে জানার পর খোঁজ খবর নিয়ে ওই পরীক্ষার্থীকে প্রেমিকের বাড়ি থেকে এনে পরীক্ষা কেন্দ্রে দিয়ে আসি।
Development by: webnewsdesign.com