পুলিশ সদস্যদের পিটিয়ে আসামি ছিনতাই: ইউপি সদস্য গ্রেফতার

শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | ১১:৪১ পূর্বাহ্ণ

পুলিশ সদস্যদের পিটিয়ে আসামি ছিনতাই: ইউপি সদস্য গ্রেফতার
গ্রেফতার ইউপি সদস্য মনিরুল ইসলাম
apps

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মক্রমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনির মিয়াকে (৪০)পুলিশ সদস্যদের পিটিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের পুটিয়া গ্রাম থেকে মনির মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

এখন পর্যন্ত এ ঘটনায় মোট পাঁচ আসামি গ্রেফতার হলেন।

হবিগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, পুটিয়া গ্রামে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন ইউপি সদস্য মনির মিয়া। মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মনিরের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া ছিনিয়ে নেওয়া আসামি বুলবুলকে গ্রেফতারে চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দুইটি জিআর মামলার পলাতক আসামি বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের বাসিন্দা বুলবুল মিয়াকে গ্রেফতার করে পুলিশ। আসামি বুলবুল মিয়াকে থানায় নিয়ে যাওয়ার পথে পুলিশের ওপর হামলা চালিয়ে মক্রমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মনির মিয়া এবং বদরুল মিয়াসহ কয়েকজন বুলবুলকে ছিনিয়ে নেন।

এ ঘটনায় বানিয়াচং থানায় সেদিন রাতেই মামলা দায়ের করা হয়। এ মামলায় সে রাতেই গ্রেফতার করা হয় চারজনকে।

Development by: webnewsdesign.com