পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ইসরাফিল ও আইয়ূব নামের দু শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ইসরাফিল হাওলাদার (৪) ভান্ডারিয়া উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের প্রবাসী ফোরকান হাওলাদারের পুত্র এবং শিশু আইয়ূব হাওলাদার (৪) একই এলাকার মাসুম হাওলাদারের পুত্র।
ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান জানান, পানিতে ডুবে মারা যাওয়া শিশু ইসরাফিল ও আইয়ূব দুজন চাচাতো ভাই। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার সময় শিশু দুজনই পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দুই শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইমাম হোসেন জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান আরো জানান, মৃত শিশুদের পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com