পারিবারিক অশান্তি মেটাতে দুইমাস বয়সী মেয়েকে হত্যার দায়ে মা গ্রেফতার

রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২০ | ৩:৩৪ অপরাহ্ণ

পারিবারিক অশান্তি মেটাতে দুইমাস বয়সী মেয়েকে হত্যার দায়ে মা গ্রেফতার
apps

রংপুরের মিঠাপুকুরে প্রায় দুইমাস বয়সী এক কন্যাশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করেছে মিঠাপুকুর থানার পুলিশ।

মিঠাপুকুর উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে শুক্রবার সকালে ওই ঘটনার পর খালেদা বেগম নামে ওই নারীর বিরুদ্ধে মামলা করেছেন তার স্বামী সুলতান মাহমুদ। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী তার মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোপিনাথপুর গ্রামের সুলতান মিয়ার আরও দুটি মেয়ে আছে। তাদের একজনের বয়স ৬ আরেকজনের ১৪ বছর। আবারও তাদের মেয়ে সন্তান হওয়ায় সংসারে অশান্তি চলছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রতিবেশী জানান, শুক্রবার সকালে হঠাৎ তারা খালেদাকে কান্নাকাটি করতে দেখেন এবং বাড়ির লোকজনকে বলেন তার ছোট মেয়েকে পাওয়া যাচ্ছে না। বাড়ির আশপাশে অনেক খোঁজাখুঁজির পর একটি পুকুরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ পান প্রতিবেশীরা।

পরিবারের লোকজন শিশুটির লাশ তুলে এনে বাড়িতে দাফনের চেষ্টা কালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। জানা যায়, পারিবারিক অশান্তির কারণে ক্ষোভ থেকেই খালেদা তার নিজের মেয়েকে পানিতে ডুবিয়ে হত্যা করেছেন বলে স্থানীয়দের ধারণা। খালেদার স্বামী সুলতান মাহমুদের করা মামলাতেও একই অভিযোগ রয়েছে।
গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম দিলীপ বলেন, কাল সকালে ঘুম থেকে উঠে ঘটনাটি শুনতে পাই, বিষয়টির সুষ্ঠু তদন্ত অপরিহার্য।

Development by: webnewsdesign.com