পাঁচবিবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০ | ৪:০৬ অপরাহ্ণ

পাঁচবিবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড
apps

জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রী তানজিলাকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী বাবুল সরকার (৫০) কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম সারোয়ার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত বাবুল সরকার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

 

মামলার বিবরনে জানা গেছে, প্রায় এক যুগ আগে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাতাইশ মঞ্জিল (মালঞ্চা) এলাকার তমেজ উদ্দিনের মেয়ে তানজিলার সাথে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তালতলী এলাকার সিরাজুল ইসলামের ছেলে বাবুল সরকারের বিয়ে হয়। বিয়ের পর তালজিলা গার্মেন্টসের চাকরির টাকা দিয়ে তার বোনের বাড়ী রাধাবাড়ী এলাকায় ৪ শতক জায়গা কিনে একটি বাড়ী তৈরী করেন। সেই বাড়ীতে স্বামী-স্ত্রী প্রায় বেড়াতে আসত। পরে সেই বাড়ী বিক্রি করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়। এরই জের ধরে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর রাতে সবার অগোচরে স্ত্রীকে বালিশ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী বাবুল।

পরে ওই দিনই তানজিলার বোন তৌহিদা বেগম বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০১৭ সালের ২২ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন।

জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবি এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Development by: webnewsdesign.com