ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় উঠে আসে ফরাসি লিগ ওয়ানের প্যারিস সেন্ট জার্মেই ও মার্সেইয়ের ফুটবলারদের সংঘর্ষ। পুরো ম্যাচেই বারবার সংঘর্ষে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররা। পিএসজ ও মার্সেইয়ের মোট পাঁচ জন ফুটবলার লাল কার্ড দেখেছেন। এছাড়া হলুদ কার্ড দেখেছেন ১৭ জন ফুটবলার। এক সপ্তাহের বেশি সময় কেটে গেলেও সে ম্যাচের আলোচনা এখনো শেষ হয়নি।
শুধু লাল কার্ডই নয়, সে ম্যাচের আলোচিত ঘটনার জন্য লাল কার্ড পাওয়া সেই ম্যাচ জনকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করে ফ্রেঞ্চ ফেডারেশন গভর্নিং বডি (এলএফপি)। সে কাণ্ডের জন্য এবার নতুন করে শাস্তি পেলেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। চার ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
নিষিদ্ধ হওয়া অন্য পাঁচ খেলোয়াড় ম্যাচেই লাল কার্ড দেখেছিলেন, তাই তাদের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছে। আর ডি মারিয়ার বিষয়টি মাঠের রেফারি এবং ভিএআরের চোখ এড়িয়ে যায়। তবে মার্শেই কোচ আন্দ্রে ভিলাস বোয়াস ম্যাচের পরপরই ডি মারিয়ার বিরুদ্ধে মার্শেইয়ের এক খেলোয়াড়কে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপের অভিযোগ এনেছিলেন। আর সেই অভিযোগের ভিত্তিতে ডি মারিয়াকে ২৩ সেপ্টেম্বর তলব করেছিল লিগ কমিটি।
থুতু নিক্ষেপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাকে ডেকেছিল লিগ কমিটি। তবে নিষেধাজ্ঞার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো কারণ উল্লেখ করেনি লিগ কমিটি। আগামী মঙ্গলবার থেকে শাস্তি কার্যকর হবে। তাই রবিবারে লিগে রেইমের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন ডি মারিয়া। তবে এরপর অ্যাঙ্গার্স, নিমস, দিয়ন, নতেঁ-র বিরুদ্ধে ম্যাচগুলোতে খেলতে পারবেন না তিনি।
আর মার্শেই ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের বিরুদ্ধে নেইমারের বর্ণবাদী আচরণের অভিযোগের ব্যাপারে এখনো তদন্ত চলছে। ৩০ সেপ্টেম্বর লিগের ডিসিপ্লিনারি কমিটির বৈঠকের পর সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত আসতে পারে।
Development by: webnewsdesign.com