কৃষকের কাছ থেকে খাদ্যগুদাম কর্মচারীদের অর্থ আদায়সহ বিভিন্ন অনিয়ম দূর করতে দেশের প্রতিটি খাদ্যগুদাম ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এছাড়া আগামী বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে ধান কিনতে কৃষক অ্যাপ চালু করা হবে বলেও জানান মন্ত্রী।
বিকালে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুমন মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে বগুড়া সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত অভ্যন্তরীণ আমন সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ধান-চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি ও কৃষক হয়রানি শূন্যের কোঠায় আনার চেষ্টা চলছে। চলতি আমন মৌসুমে মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহে সফলতা মেলায় আগামী বোরো মৌসুমে সারা দেশেই এই অ্যাপসভিত্তিক সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি আগামীতে দেশের সব খাদ্যগুদামকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হবে।’
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে মোটা চালের চেয়ে বাজারে সরু চালের চাহিদা বেশি। তাই কৃষকদের সরু চালের ধান উৎপাদন করতে হবে। একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ ও মজুত বাড়াতে আরও খাদ্যগুদাম নির্মাণের পরিকল্পনার কথাও জানান খাদ্যমন্ত্রী।
বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে সভায় বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, রাজশাহী বিভাগীয় খাদ্যনিয়ন্ত্রক রায়হানুল কবির, চালকল মালিক সমিতির নেতা, খাদ্য ও কৃষি বিভাগের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com