দীঘি-শান্ত জুটির সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র সেন্সর ছাড়পত্র স্থগিত!

রবিবার, ২১ মার্চ ২০২১ | ১২:২৮ অপরাহ্ণ

দীঘি-শান্ত জুটির সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’র সেন্সর ছাড়পত্র স্থগিত!
apps

প্রার্থনা ফারদিন দীঘি ও শান্ত খানকে জুটি করে নির্মিত হয়েছে সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। গত ১৪ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। আসছে ২৬ মার্চ মুক্তির প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা। কিন্তু এরই মধ্যে স্থগিত করা হয়েছে এ সিনেমার সেন্সর ছাড়পত্র।

‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার সেন্সর ছাড়পত্র স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন। তিনি বলেন, ‘জাতির জনককে নিয়ে যেহেতু সিনেমাটি, তাই আমাদের অনেক সতর্কতা নিতে হবে। সেন্সর পেলেও কিছু সদস্য মনে করছেন সিনেমাটি আবারও দেখা উচিত। তাই আমরা পুনরায় এটির প্রদর্শনী করব। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত দেব।’

ঠিক কী কারণে সেন্সর স্থগিত করা হয়েছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আরও পর্যবেক্ষণ।’ একই প্রশ্নের উত্তরে সিনেমাটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘কেনো স্থগিত হয়েছে আমি জানি না। এ বিষয়ে সেন্সর বোর্ড ভালো জানবে।’

সিনেমাটির ২৬ তারিখ মুক্তি কি অনিশ্চিত? উত্তরে সেলিম খান সময় নিউজকে বলেন, ‘এখনও কিছু বলতে পারছি না। আরও দুই একদিন পর ফাইনাল জানাতে পারব। আর সেন্সর বোর্ডের ক্লিয়ারেন্স না পেলে হয়তো মুক্তি নাও পেতে পারে। তবে এগুলো নিয়ে আগামীকাল (রোববার) জানাতে পারব।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত এ সিনেমার চিত্রনাট্য করেছেন শামীম আহমেদ রনী। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সেলিম খানের পুত্র শান্ত খান। আর বেগম ফজিলাতুন্নেসা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে শেখ মুজিব যেভাবে বাংলাদেশের জাতির জনক হয়ে উঠেছেন সেই কাহিনী তুলে ধরা হয়েছে এ সিনেমায়।

শাপলা মিডিয়ার ব্যানারে এটি প্রযোজনা করেছেন পিংকি আক্তার। ডিজিটাল ফরমেটে তৈরী এ সিনেমার ব্যাপ্তিকাল ২ ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। সিনেমাটি পরিচালনা করেছেন সেলিম খান। এমনটাই উল্লেখ করা হয়েছে সেন্সর ছাড়পত্রে।

Development by: webnewsdesign.com