ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী ও সমর্থকদের মধ্যে দিল্লিতে চলমান সহিংস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করলেও এর জেরে মেঘালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গতকাল শুক্রবার একজন নিহত হয়েছেন।আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, সিএএ নিয়ে শুক্রবার রাজ্যের পূর্ব খাসি উপত্যকায় খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) ও অজনজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় একজন নিহত ও পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে শিলংসহ রাজ্যের ছয় জেলায় ৪৮ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি এলাকায় কারফিউ জারি করা হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল খাসি উপত্যকার ইছামতি এলাকায় সিএএ’র বিরোধিতা ও ইনার লাইন পারমিট (আইএলপি) নিয়ে কেএসইউ ও অজনজাতি সম্প্রদায়ের সদস্যদের মধ্যে বৈঠক চলছিল। এর মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। সে সময় ওই এলাকার অনেক দোকানে ভাঙচুর চালানো হয়।প্রসঙ্গত, দিল্লিতে গত ২৩ ফেব্রুয়ারি থেকে চলা সিএএ-বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৪২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকশ। তবে, বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
Development by: webnewsdesign.com