বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেসিসি বৈঠক শুরু হয়। এক ঘণ্টা ধরে এ বৈঠক চলে। এবারের বৈঠকটি হয় ভার্চ্যুয়ালি। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।
জেসিসি বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ড. মোমেন জানান, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে তিস্তাসহ ছয়টি নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হয়েছে। এসব নদীর পানি বণ্টন সমস্যার মীমাংসা চেয়েছে বাংলাদেশ। ভারত এসব নদীর পানি বণ্টানের মীমাংসায় আগ্রহ দেখিয়েছে।
এর আগে দুই দেশের মধ্যে কখনোই ভার্চ্যুয়ালি জেসিসি বৈঠক হয়নি। তবে করোনার কারণে এই প্রথম জেসিসি বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হলো। জেসিসির পঞ্চম বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দায়িত্ব নেওয়ার পর সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর।
Development by: webnewsdesign.com