জমি বিরোধের জেরে হত্যা মামলায় ঠাকুরগাঁওয়ের শহীদুল ইসলাম বুলু নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বিএম তারিকুল কবির এ রায় দেন। এ ছাড়া ১১ জনকে খালাস দেয়া হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, ২০০৬ সালের ১ জুন সকালে জমিতে হালচাষ দিতে যান সদর উপজেলার রাজাগাঁও গ্রামের রশিদুল ইসলাম। এ সময় জমি বিরোধকে কেন্দ্র করে একই এলাকার প্রতিপক্ষ শহিদুল ইসলাম বুলুসহ কয়েকজন মিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। পরে পরিবারের স্বজনরা তাকে উদ্ধার সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানেই মারা যান রশিদুল।
এ ঘটনার পর শহিদুল ইসলাম বুলুকে প্রধান আসামি করে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে। এ ঘটনায় রোববার অতিরিক্ত দায়রা জজ বিএম তারিকুল কবির সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে শহিদুল ইসলাম বুলুকে যাবজ্জীবন কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল দিয়েছেন। অপর আরেক আসামি বাহাদুর আলীকে ৬ মাসের জেল ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল দেয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় বাকি ১১ জনকে খালাস দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল হামিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
Development by: webnewsdesign.com