টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | ১০:১৭ অপরাহ্ণ

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার
apps

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে দুই লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৭ কোটি টাকা। অভিযানের সময় চোরাকারবারিদের সঙ্গে বিজিবির গুলিবিনিময়ের ঘটনা ঘটলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (১৭ জানুয়ারি) ভোররাতে টেকনাফ উপজেলার খারাংখালী ও নাজিরপাড়া এলাকায় পৃথক দুটি অভিযানে এসব ইয়াবা জব্দ করা হয়।

বিজিবির ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল খারাংখালী সীমান্তে অবস্থান নেয়। ভোররাতে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও এক রাউন্ড গুলিবর্ষণ করে। একপর্যায়ে চোরাকারবারিরা নাফ নদী সাঁতরে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া দুটি ব্যাগ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে টেকনাফের নাজিরপাড়া নারিকেলকাঠি এলাকায় নাফ নদীতে আরেকটি অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এক চোরাকারবারি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগ তল্লাশি করে আরও ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবাগুলো আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com