ঝিনাইদহ শহরের পবহাটিতে ব্যবসায়ী মুরাদ হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৬। শুক্রবার ভোরে ঢাকার সাভারের কুমারবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—ঝিনাইদহ শহরের কলাবাগান এলাকার খলিলুর রহমানের ছেলে সুলতান আহম্মেদ সোনা এবং ভুটিয়ারগাতী এলাকার আক্তার হোসেনের ছেলে লাল।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মুরাদ হত্যা মামলার দুই আসামি সাভারে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর দুপুরে ঝিনাইদহ শহরের পবহাটি সিটিমোড়ে ইলেকট্রনিক্স ব্যবসায়ী মুরাদ হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী সাথী বেগম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর র্যাব ও পুলিশ আসামি গ্রেফতারে একাধিক অভিযান চালায়।
এ ঘটনায় এখন পর্যন্ত চারজন আসামি গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Development by: webnewsdesign.com