বাংলাদেশ জ্বালানি সম্মেলন–২০২৫ উদ্বোধন

জ্বালানি রূপান্তরের বাস্তব রোডম্যাপ জরুরি: রিজওয়ানা হাসান

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | ৩:০৯ অপরাহ্ণ

জ্বালানি রূপান্তরের বাস্তব রোডম্যাপ জরুরি: রিজওয়ানা হাসান
apps

সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা (আইইপিএমপি) দ্রুত সংশোধন করে নবায়নযোগ্য জ্বালানির অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর সামরিক জাদুঘরে তিন দিনব্যাপী বাংলাদেশ জ্বালানি সম্মেলন–২০২৫-এর উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জ্বালানি রূপান্তর সময়সাপেক্ষ একটি প্রক্রিয়া। বড় লক্ষ্য নির্ধারণের চেয়ে লক্ষ্য অর্জনই বেশি গুরুত্বপূর্ণ। সেই কারণেই একটি বাস্তবভিত্তিক, কার্যকর ও নবায়নযোগ্য জ্বালানিবান্ধব নীতিমালা এখন জরুরি।” তিনি জানান, সব সরকারি ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ দ্রুত অগ্রসর হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্বালানি রূপান্তর সফল করতে প্রযুক্তিগত দক্ষতা, সঠিক নীতি এবং স্থানীয় জনবল তৈরির বিকল্প নেই। বিদেশি পরামর্শকের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশীয় বিশেষজ্ঞদের ভূমিকা বাড়ানোর তাগিদ দেন তারা।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “কার্যকর জ্বালানি রূপান্তরের জন্য প্রযুক্তিগত দক্ষতা, নীতিগত স্থিতিশীলতা ও যোগ্য জনবল—এই তিনটির সমন্বয় জরুরি।”

সেন্টার ফর রিনিউয়েবল এনার্জি সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক শাহরিয়ার আহমেদ চৌধুরী বলেন, “বিদ্যুৎ খাতে প্রতি বছর সরকারের ৪ বিলিয়ন ডলার সাবসিডি দিতে হচ্ছে। এর অর্ধেক নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করলে সম্পূর্ণ চিত্র বদলে যাবে। কিন্তু নীতিমালাগুলো নবায়নযোগ্যবান্ধব না হওয়ায় অগ্রগতি ব্যাহত হচ্ছে।”

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অতীত সরকারগুলোর আমলে জ্বালানি খাতে নীতিগত অপরাধ হয়েছে, যা রূপান্তরকে পিছিয়ে দিয়েছে। তিনি বলেন, “বিদেশি সংস্থার তৈরি মহাপরিকল্পনা কখনই আমাদের নবায়নযোগ্য জ্বালানির স্বার্থ পুরোপুরি রক্ষা করে না।”

বক্তারা আরও বলেন, ন্যায্য জ্বালানি রূপান্তরে প্রযুক্তি ছাড়াও জনসম্পৃক্ততা, স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। নারীর অংশগ্রহণ বাড়ানো ও বাজেটে নারী-বান্ধব বরাদ্দের প্রয়োজনীয়তার কথা বলেন বহু বক্তা।

বাংলাদেশ প্রতিবেশ ও উন্নয়ন বিষয়ক কর্মজোট (বিডব্লিউজিইডি) আয়োজিত এ সম্মেলনে নীতিনির্ধারক, গবেষক, নাগরিক সমাজ, তরুণ জলবায়ু কর্মীসহ বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দেশের নবায়নযোগ্য জ্বালানির অগ্রগতি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মেলনটি নীতি আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

Development by: webnewsdesign.com