চুল কাটতে গিয়ে কপাল পুড়িয়ে দিয়েছেন নাপিত, খেলেন মামলা

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ | ৪:০৪ অপরাহ্ণ

চুল কাটতে গিয়ে কপাল পুড়িয়ে দিয়েছেন নাপিত, খেলেন মামলা
apps

চুল ছাঁটতে গিয়ে শেষ পর্যন্ত চুল ছাঁটাতে আসা ব্যক্তির কপালই পুড়িয়ে দিয়েছেন এক নাপিত। তাই নাপিতের নামে মামলা করেছেন চুল কাটতে আসা ব্যাক্তি।

ঘটনা মূলত ফ্রান্সের। তবে দেশটির পুলিশ বিষয়টি প্রকাশ করেছে শুক্রবার (১১ সেপ্টেম্বর)। অবশ্য ঘটনায় দুই পক্ষের কারও নাম-পরিচয় প্রকাশ করেনি তারা।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ছোট্ট শহর ব্রিটানিতে ওই সেলুন দোকানের অবস্থান। দোকানমালিক পেশায় এক মেকানিক। তার দোকানে আছেন তিনজন কর্মী। মালিকের নেই পেশাসংশ্লিষ্ট শিক্ষা। নেই তার কর্মীদেরও। সেলুনের তিন কর্মীর একজন লিবিয়ার নাগরিক। তিনিই ঘটিয়েছেন ওই কাণ্ড।

সপ্তাহখানেক আগে তার কাছে একজন চুল ছাঁটাতে আসেন। ওই নাপিত মিসরীয় এক পদ্ধতিতে চুল ছাঁটানোর চেষ্টা করেন। বিশেষ এই পদ্ধতিতে আগুন দিয়ে হালকা করে চুল পুড়িয়ে নেওয়া হয়। এতে করে চুলে নিত্যনতুন স্টাইল করা যায়।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির মাথার চুলে জেল লাগিয়ে নেয়া হয়। এরপর হঠাৎ গ্যাস লাইটার জ্বেলে চুলে আগুন ধরিয়ে দেন নাপিত। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান ওই ব্যক্তি। ভয়ে দ্রুত আসন ছেড়ে উঠে পড়েন। ততক্ষণে আগুনে তার কপাল পুড়ে গেছে।

ঘটনার পরে সপ্তাহখানেক কাজকর্ম ছেড়ে তিনি বাড়িতে বসে থাকতে বাধ্য হয়েছেন। কিছুটা সুস্থ হওয়ার পরই তিনি পুলিশের কাছে গিয়ে মামলা করেছেন নাপিতের বিরুদ্ধে।

Development by: webnewsdesign.com