পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, চীনা নাগরিক যারা বাংলাদেশে আসতে চাচ্ছেন দেশে করোনোভাইরাস রোধে তাদের ‘অন এরাইভাল ভিসা’ (ভিসা ছাড়া প্রবেশ) বন্ধ রাখা হয়েছে। আপাতত তাদেরকে আমরা ‘অন এরাইভাল ভিসা’ দিচ্ছি না। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশের অভ্যুদয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা’ শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় আগে থেকেই চীনা নাগরিক ও আমাদের দেশের কিছু নাগরিকদের জন্য ‘অন এরাইভাল ভিসা’ চালু ছিল। সেটি আপাতত আমরা বন্ধ করেছি।
চীন থেকে আসতে চাওয়া আরও ১৭১ জনকে কেন আনা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপাতত ৭১৭ জনকে আনা হচ্ছে না। তবে তারা স্বেচ্ছায় নিজ খরচে আসতে পারেন। কারণ, তাদেরকে আনার জন্য এরইমধ্যে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু বিমানের ক্রুরা কেউ বাইরে যেতে পারছে না, বিমান কোথাও যেতে পারছে না। সিঙ্গাপুরে পর্যন্ত যেতে পারছে না।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন চায় না করোনাভাইরাস তাদের দেশের বাইরে ছড়াক। তবে সিঙ্গাপুরের একজন ছাড়া আর কোনো বাংলাদেশি করোনা ভাইরাসে এখনও আক্রান্ত হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশিদের চীন সরকার নিয়মিত খাওয়া-দাওয়া ও পানিসহ সব কিছু সরবরাহ করছে। এমনিতে এর আগে চীন থেকে আসা ৩১২ জনকে ঢাকার হজ ক্যাম্পে রাখা হয়েছে। তাদেরকে আরও কিছুদিন রাখা হবে। তারপর তারা তাদের পরিবারের কাছে চলে যাবে।
আবদুল মোমেন বলেন, বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র জন্ম দিয়েছেন। তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন তিনি আমাদের মাঝে গেঁথে দিয়েছেন। বাংলাদেশকে সোনার বাংলা গড়া না পর্যন্ত আমাদের ঘুম হারাম হয়ে গেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে আমরা অনেক দূর এগিয়ে গেছি।
আবদুল মোমেন বঙ্গবন্ধুর মানবতার বিভিন্ন উদাহরণ উল্লেখ করে বলেন, দেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে গেছে। বর্তমানে দেশে সাড়ে ১০ লাখ মানুষ দরিদ্র রয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় এটি আগামী পাঁচ বছরের মধ্যে আরও কমিয়ে আনা হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে আজ মানবতার সংজ্ঞা বদলে গেছে। এ কারণে মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ, হানাহানি-মারামারি শুরু হয়েছে। সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে শিক্ষার্থীদের মানবতার সঠিক সংজ্ঞা শেখাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ, বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুশফিক এম. চৌধুরী, ট্রেজারার মোর্শেদা চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. নূরুল ইসলাম, শিক্ষার্থী ও অভিভাবকরা।
Development by: webnewsdesign.com