দেশের বিভিন্ন জায়গাতে মহাসড়ক-সড়কে চালক ও জনতাদের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মহাসড়কে চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করেছেন টাঙ্গাইলের এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বুধবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কের পাশে অবৈধভঅবে গড়ে উঠা প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামাল হোসেন জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় জনসাধারণ, যানবাহনের চালক, হেলপার ও মালিকদের সচেতনার লক্ষে সড়ক পরিবহন আইনের লিফলেট বিতরণ করা হয়েছে।
এ ছাড়া মহাসড়কে চলাচল নিষিদ্ধ তিন চাকার অযান্ত্রিক যানবাহন ভটভটি, নসিমন, করিমন, ইজিবাইক ও রিকশা মহাসড়কে না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এদিকে নরসিংদীতে নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে ইটাখোলা হাইওয়ে পুলিশের বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
“মুজিব বর্ষের শপথ, সড়ক হবে নিরাপদ” এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সারাদেশে পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০। এ উপলক্ষে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদারের নেতৃত্বে মহাসড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের চালক ও হেলপারদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ, মাইকিং, স্পিডগানের মাধ্যমে গতি পর্যবেক্ষণ করা হয়। এ সময় সচেতন চালকদের মাঝে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় হাইওয়ে পুলিশের সার্জেন্ট জেসিকা আক্তার, এসআই জহিরুল ইসলামসহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দেশের বিভিন্ন জায়গাতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
Development by: webnewsdesign.com