চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের টাকা আদায়ে ব্যর্থ হয়ে এক গৃহবধূকে মারধরের পর মাথার চুল কেটে দিয়েছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি। গত বুধবার (১৪অক্টোবর) বিকেলে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পিয়নপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার সদর মডেল থানায় স্বামী রবিউল ইসলাম, শ্বশুর ইসরাফিল শেখ ও শাশুড়ি জইলী বেগমকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গৃহবধূ চাঁদনীর শাশুড়ি জইলী বেগমকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, ৫ বছর আগে মহারাজপুর ইউনিয়নের পিয়নপাড়া গ্রামের এমরাজ শেখের মেয়ে চাঁদনী খাতুনের সাথে একই এলাকার ইসরাফিল শেখের ছেলে রবিউল ইসলামের (৩৫) বিয়ে হয়। এদিকে বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে যৌতুক হিসেবে ২ লাখ টাকা দাবি করে রবিউলের পরিবার। এর পরিপ্রেক্ষিতে বিয়ের প্রায় ১ বছর পর চাঁদনীর দিনমজুর পিতা এমরাজ শেখ ৫০ হাজার টাকা দেয় রবিউলের পরিবারকে। কিন্তু ৫০ হাজার টাকা পেলেও বাকি দেড় লাখ টাকার জন্য চাঁদনীকে বিভিন্ন সময়ে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে স্বামী রবিউল ইসলাম। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে চাঁদনী দীর্ঘদিন ধরে তার পিতার বাড়িতে অবস্থান করছিল।
এদিকে গত বুধবার বিকেলে চাঁদনী তার শশুর বাড়িতে আসার পর আবারও দেড় লাখ টাকার জন্য চাপ দিলে সে টাকা দিতে অস্বীকার করে। এসময় ক্ষিপ্ত হয়ে তার স্বামী রবিউল তাকে মারধর করে মাধার চুল কেটে নেয়। ঘটনার শিকার চাঁদনী খাতুন জানান, এই ঘটনার পর তিনি তার পিতার বাড়িতে চলে এসেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অপরদিকে চাঁদনীর বাবা এমরাজ শেখ বলেন, বিয়ের পর থেকেই আমার মেয়েকে যৌতুকের টাকার জন্য মারধর করতো। কয়েকবার মেয়েকে নিয়ে চলে এসেছি। কিন্তু বারবার অনেক অনুরোধ করে নির্যাতন না করার প্রতিশ্রুতি দিয়ে চাঁদনীকে নিয়ে গিয়ে এমন ঘটনা ঘটিয়েছে। সদর থানার ওসি মোজাফফর হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে মামলা নেওয়া হয়েছে। পরে রবিউলের মা জইলী বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
Development by: webnewsdesign.com