রাউজান চট্টগ্রামের রাউজানে ফের প্রকাশ্যে দিবালোকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলিমিয়াহাট বাজারে মুহাম্মদ আবদুল মজিদ (৫০) নামের এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত আবদুল মজিদ অলিমিয়াহাট বাজার এলাকার বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি পূর্ব গুজরা পুলিশ তদন্তকেন্দ্র থেকে মাত্র ৫০০ মিটার দূরত্বে সংঘটিত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইফতারের পর অলিমিয়াহাট বাজারের একটি চায়ের দোকানে বসে আরও কয়েকজনের সঙ্গে গল্প করছিলেন আবদুল মজিদ। এ সময় হঠাৎ কয়েকজন সশস্ত্র যুবক সেখানে উপস্থিত হয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে মজিদ মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম অভিযোগ করে বলেন, “এর আগেও তার স্বামীর ওপর হামলা হয়েছিল। সেবার তিনি ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও এবার সন্ত্রাসীরা তাকে কেড়ে নিল।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “চা দোকানে বসে থাকা অবস্থায় বাইরে থেকে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে। আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি এবং দোষীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানান, গত ৫ জানুয়ারি একই বাজারের মাত্র ৫০০ মিটার দূরে মুহাম্মদ জানে আলম নামের এক যুবদল নেতাকে একই কায়দায় মোটরসাইকেলে এসে গুলি করে হত্যা করা হয়। সেই ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সেই রেশ কাটতে না কাটতেই আবারও একই কায়দায় হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রাউজান উপজেলায় সহিংসতার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত সাত মাসে উপজেলায় ২১টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে ১৫টিই রাজনৈতিক সংশ্লিষ্ট বলে দাবি করা হচ্ছে। এ সময়ের মধ্যে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন সাড়ে তিন শতাধিক মানুষ।
Development by: webnewsdesign.com