চট্টগ্রাম রাউজানে এখনও চলছে ফ্যাসিবাদের রক্তের হোলিখেলা: গিয়াস কাদের চৌধুরী”

শনিবার, ১০ জানুয়ারি ২০২৬ | ৩:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রাম রাউজানে এখনও চলছে ফ্যাসিবাদের রক্তের হোলিখেলা: গিয়াস কাদের চৌধুরী”
apps

চট্টগ্রামের রাউজানে সাম্প্রতিক ধারাবাহিক সহিংসতা, হত্যাকাণ্ড এবং প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি দাবি করেছেন, ৫ আগস্টের বিপ্লবের পর দেশ মুক্ত হলেও রাউজান এখনও ফ্যাসিবাদের কবলে রয়ে গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরের গণি বেকারি এলাকার গুডস হিলের বাসভবনে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশ স্বৈরাচারমুক্ত হলেও রাউজানের পরিস্থিতি ভিন্ন। সেখানে এখনও রক্তের হোলিখেলা চলছে। গত কয়েক মাসে রাউজানে ১৯টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে ১৩ জনই আমার অনুসারী। সর্বশেষ ক্যানসার আক্রান্ত যুবদল নেতা জানে আলম সিকদারকেও তারা রেহাই দেয়নি।”

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ‘বি’ টিম হিসেবে পরিচিত একটি স্বার্থান্বেষী গোষ্ঠী রাউজানে অস্থিতিশীলতা জিইয়ে রেখেছে। প্রশাসনের ভেতরে থাকা সাবেক শাসনামলের সুবিধাভোগীরাই এই অপশক্তিকে মদত দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অবৈধ অস্ত্র ও নির্বাচনী পরিবেশ

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, “সীমান্ত দিয়ে এখনও অবৈধ অস্ত্র প্রবেশ করছে। একটি বিশেষ মহল এই অস্ত্র ব্যবহার করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নীল নকশা তৈরি করছে।” তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানান।

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও দাবি করেন, দলের হাইকমান্ড থেকে তাকে রাউজান আসনে ধানের শীষ প্রতীক দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। প্রতীক পাওয়ার পর তিনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সরাসরি কথা বলবেন বলে জানান।

সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে জেলা আইনশৃঙ্খলা কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের অপসারণের দাবি জানান তিনি। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা গেলে রাউজানে শতভাগ অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. বেলায়ত হোসেন, সাবেক পিপি অ্যাডভোকেট এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হুদা, ফিরোজ আহমেদসহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Development by: webnewsdesign.com