চট্টগ্রামের বোয়ালখালীতে সেনাবাহিনীর এক বিশেষ অভিযানে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার বেংগুরা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ চেয়ারম্যান বাড়ির মৃত আবুল বশরের ছেলে সালাহউদ্দিন রুমি (৫১) ও তার ভাই সাইফুল ইসলাম বাপ্পি (৫৬)। অভিযানে ৪টি বিদেশি শটগান, ২টি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল উপকরণ উদ্ধার করে সেনাবাহিনী।
ক্যাম্প কমান্ডার মেজর মো. রাসেলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায় সিনেমার মতো রোমাঞ্চকর দৃশ্য। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে চতুর্মুখী ঘেরাওয়ের মাধ্যমে তাদের ধরে ফেলেন সেনাসদস্যরা।
পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পরিত্যক্ত বাড়ির সিলিং, আলমারির গোপন ড্রয়ার, গোয়ালঘরের খড় এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
মেজর মো. রাসেল জানান, গ্রেপ্তারকৃত রুমি ও বাপ্পি পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তারা নিজস্ব কারখানায় দেশীয় অস্ত্র তৈরি করে চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে বিক্রি করে আসছিল। রুমির বিরুদ্ধে ৬টি এবং বাপ্পির বিরুদ্ধে ৪টি অস্ত্র মামলা রয়েছে। আসন্ন নির্বাচনের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই অভিযান বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামালসহ আসামিদের বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Development by: webnewsdesign.com