চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজ থেকে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ | ৮:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম বিমানবন্দরে পরিত্যক্ত লাগেজ থেকে কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ
apps

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় থাকা ছয়টি লাগেজ থেকে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের ৮০০ কার্টুন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে কাস্টমস কর্মকর্তারা এসব সিগারেট জব্দ করেন।

​বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নার’ থেকে এসব পরিত্যক্ত মালামাল উদ্ধার করা হয়।

​শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, শনিবার সকাল ১১টায় কাস্টমস শাখা লাগেজগুলোর কোনো মালিকানা খুঁজে না পাওয়ায় এগুলোকে পরিত্যক্ত মালামাল হিসেবে জব্দ করে। জব্দকৃত ৮০০ কার্টুন সিগারেট ‘মন্ড’ (Mond) ব্র্যান্ডের। এই মালামাল থেকে সরকারের প্রায় ৯০ লাখ টাকা রাজস্ব আদায় হবে।

​কাস্টমস সূত্র জানিয়েছে, বিদেশি সিগারেট বৈধভাবে দুই উপায়ে আমদানি করা যায়—সাধারণ আমদানি ও বন্ডেড ওয়্যার হাউসের মাধ্যমে। সাধারণ আমদানির ক্ষেত্রে উচ্চহারে শুল্ক-কর পরিশোধ করতে হয়, যার পরিমাণ প্রায় ৬০২ শতাংশ। তবে এত উচ্চ শুল্ক পরিশোধ করে বন্দর দিয়ে সিগারেট আমদানির নজির নেই বললেই চলে।

​অন্যদিকে, বন্ডেড ওয়্যার হাউসগুলো শুল্কমুক্ত সুবিধায় সামান্য পরিমাণে সিগারেট আমদানি করে থাকে।

​সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে দক্ষিণ কোরিয়ার ইজি (EZE) এবং মন্ড (Mond) ব্র্যান্ডের মতো সিগারেট অবৈধভাবে আনার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

Development by: webnewsdesign.com