চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসে ডাকাতি: গ্রেপ্তার ৬

সোমবার, ৩০ নভেম্বর ২০২০ | ২:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসে ডাকাতি: গ্রেপ্তার ৬
apps

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসে ডাকাতি ও দুই যাত্রীকে গুলি করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এরা হলেন ইয়াহিয়া প্রকাশ জয়নাল (২৬), ছলিম উল্লাহ (৩৩), ছাবের আহমদ (২৯), আবুল কালাম (৩০), শাহ আমান প্রকাশ বাটু (২৮) ও মোহাম্মদ আব্দুল্লাহ (২৫)।

তাদের কাছ থেকে ডাকাতির সময় ছিনিয়ে নেয়া ২০টি মোবাইল ফোন, এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি হাতঘড়ি, লুট করা ২৫৮০ টাকা, ২৫৫ আরব আমিরাতের মুদ্রা, ৩০০ ওমানের মুদ্রা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ইয়াহিয়ার কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড ৭ দশমিক ৬২ এমএম রাইফেলের বুলেট ও একটি রামদা উদ্ধার করা হয়। সোমবার (৩০ নভেম্বর) সকালে র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন এসব তথ্য জানান।

এর আগে গত ২৭ নভেম্বর রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া থানাধীন ফাঁসিয়াখালীতে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতের গুলিতে দুই যাত্রী গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হন। অস্ত্রধারী ডাকাত দল যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণসহ টাকা ছিনিয়ে নেয়।

র‌্যাব জানায়, ডাকাতেরা যাত্রীর ছদ্মবেশে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ থেকে বাসটিতে উঠে। পরবর্তীতে ফাঁসিয়াখালী এলাকায় পৌঁছালে ডাকাতদলটি বাসের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। এ ঘটনায় সারা দেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরদিন ২৮ নভেম্বর এ ঘটনায় কক্সবাজারের চকরিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে র‌্যাব-৭ ডাকাতদের গ্রেপ্তারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্ত করে।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি কক্সবাজারের পোকখালীর ডাকাত সর্দার ইয়াহিয়া নিজ বাড়িতে অবস্থান করছে। এরপর গতকাল রোববার দুপুর দেড়টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওয়ান শুটার গান, গুলি ও রামদাসহ ইয়াহিয়াকে গ্রেপ্তার করা হয়।

এরপর ইয়াহিয়ার তথ্য অনুযায়ী কক্সবাজার সদরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছলিম, ছাবের, কালাম ও আমানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে লুট করা মোবাইল ফোন, স্বর্ণের দুল ও টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিদের তথ্যমতে ডাকাতিকালে বাসের নিয়ন্ত্রণকারী আব্দুল্লাহকে মহেশখালী থেকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান মামুন বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ৭ জনের মধ্যে ৬ জনকেই গ্রেপ্তার করেছি আমরা। অপর পলাতক আসামিকেও আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা গত ৫ নভেম্বর ও ১২ নভেম্বর একই এলাকায় দুইটি বাসে ডাকাতি করে। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের চকরিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় রাতের বেলা ছিনতাই এবং ডাকাতি করে আসছে।

Development by: webnewsdesign.com