বিশ্বযুদ্ধকালীন সময়ে চট্টগ্রাম ওয়ার সিমেট্রিতে সমাহিত ১৮ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন এবং জাপানে প্রত্যাবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৭ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত জাপান সরকারের মনোনীত ১০ সদস্যের বিশেষজ্ঞ প্রতিনিধিদল এই কার্যক্রম পরিচালনা করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ সোমবার (১লা ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
জানা যায়, অন্তর্বর্তী সরকারের নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চল এই সম্পূর্ণ কার্যক্রমে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা প্রদান করে। বীর মুক্তিযোদ্ধা ও খনন বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির (অবসরপ্রাপ্ত), বীর প্রতীক, সার্বিক কার্যক্রমের তত্ত্বাবধান করেন এবং খননকার্যে নেতৃত্ব দেন।
গত ২৮ নভেম্বর, দেহাবশেষ উত্তোলন শেষে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল কর্তৃক যথাযোগ্য সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে দেহাবশেষগুলো জাপানে প্রেরণের ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে জাপান সরকারের অনুরোধে কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত আরও ২৩ জন জাপানি সৈনিকের দেহাবশেষ উত্তোলন ও প্রত্যাবাসনের কাজ সম্পন্ন করা হয়েছিল।
Development by: webnewsdesign.com