চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধারকৃত ৫৪ হাজার পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ক্রেন গাড়ি ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানার একটি চৌকস দল গত শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত এই ঝটিকা অভিযান পরিচালনা করে। প্রথম অভিযানে কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের মুখ থেকে একটি মোবাইল ক্রেন টয়োটা গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজনকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে নতুন ব্রিজ সংলগ্ন কেআরএস কনভেনশন হলের সামনে হানিফ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আরও একজনকে গ্রেফতার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, “গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদক পাচার করে আসছিল। ইয়াবা বহনে ক্রেন ব্যবহারের বিষয়টি ছিল বেশ অভিনব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করে আদালতে পাঠানো হয়েছে।” মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Development by: webnewsdesign.com