গৃহকর্মীকে প্রথম রাতেই ধর্ষণ

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০ | ৭:৫৪ অপরাহ্ণ

গৃহকর্মীকে প্রথম রাতেই ধর্ষণ
apps

টাঙ্গাইলের বাসাইলে এক গৃহবধূর বাবার বাড়িতে রেখে যাওয়া গৃহকর্মীকে প্রথম রাতেই ধর্ষণ করা হয়েছে। এ অভিযোগ উঠেছে ওই গৃহবধূর ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় ওই গৃহবধূর দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন-বাসাইলের কালীবাড়ী এলাকার খোকা বাবুর ছেলে সিজান ও রিপন।

ধর্ষণের শিকার ওই গৃহকর্মীর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার চারারবন গ্রামে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ঢাকার মিরপুর-২ সি ব্লকের মাসুদের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে আসছিল ওই কিশোরী। ২০১৯ সালের ১৬ জুলাই মাসুদের স্ত্রী রিপা চিকিৎসার জন্য ভারতে যান। যাওয়ার আগে ওই গৃহকর্মীকে রিপা তার বাবার বাড়ি টাঙ্গাইলের বাসাইলে রেখে যান। সেখানে ওই রাতেই রিপার ভাই সিজান গৃহকর্মীকে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকিও দেন। এরপর থেকে বিভিন্ন সময় তাকে ধর্ষণ করা হয়। ওই গৃহকর্মী বাড়িতে যেতে চাইলেও তাকে জোর করে আটকে রাখা হয়। বিষয়টি সিজানের বড় ভাই রিপনকে জানালেও তিনি কোনো কর্ণপাত করেননি।

বিষয়টি গোপনে ওই গৃহকর্মী তার মাকে জানায়। এরপর রিপা ভারত থেকে দেশে ফিরলে তাকেও ধর্ষণের বিষয়টি জানানো হয়। রিপা তার ভাই সিজানের সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেয়ার আশ্বাস দিয়েও তা বাস্তবায়ন করেননি। পরে কোনো উপায়ন্তর না পেয়ে গত ২৭ ফেব্রুয়ারি রাতে ধর্ষণের শিকার ওই গৃহকর্মীর মা বাদী হয়ে সিজান, রিপন ও রিপাকে আসামি করে বাসাইল থানায় ধর্ষণ মামলা করেন।

বাসাইল থানার এসআই বিল্লাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্ত রিপা পলাতক রয়েছেন। তাকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Development by: webnewsdesign.com