গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত নব্য-জেএমবি জামাআতে মুজাহেদীন বাংলাদেশের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) একটি দল রবিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার বাসন থানার গ্রেটওয়াল সিটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আটককৃতের নাম মো. আব্দুল্লাহ আল নোমান খান (২৫)।
পুলিশের বরাত দিয়ে বাসস জানায়, গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী ও সহযোগী হিসেবে আব্দুল্লাহ আল নোমান খানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।
তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া (ডেলিয়াপাড়া) গ্রামের মা. সেলিম খানের ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছে থেকে ২টি মোবাইল সেট, বালাকোট মিডিয়া পুস্তিকা ও অন্যান্য উগ্রপন্থি পুস্তিকা জব্দ করা হয়েছে। এর মধ্যে একটি বিস্ফোরক দ্রব্য তৈরি সহায়ক পুস্তিকাও রয়েছে।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ তার সহযোগী মোরশেদুল আলম এবং আরও অজ্ঞাতনামা সাত-আটজন গাজীপুরে একটি গোপন বৈঠকে একত্রিত হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বৈঠকে অংশ গ্রহণকারী সকলে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির বিভিন্ন স্তরের সদস্য বলে পুলিশ জানায়।
এছাড়াও তারা রাষ্ট্রীয় ও ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ব্যক্তিবর্গকে হত্যা এবং দেশের ক্ষয়ক্ষতি সাধনের জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ও তার সহযোগীরা নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান করে একে অপরকে সাহায্য, সহায়তা ও প্ররোচিত করাসহ বিভিন্নভাবে উগ্রবাদী কার্যক্রম চালিয়ে আসছিলেন।
তাদের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে।
Development by: webnewsdesign.com