কোম্পানীগঞ্জ ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের শূন্যপদে প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষা সম্পন্ন

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২০ | ৭:১৭ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জ ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের শূন্যপদে প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষা সম্পন্ন
apps

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাধীন ঢালারপাড় উচ্চ বিদ্যালয়ের ১জন লাইব্রেরিয়ান ও ১জন করণিকের শূন্য পদে লোক নিয়োগের জন্য গতকাল বৃহস্পতিবার প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেছে কতৃপক্ষ। গোপনে অনেকটাই এ পরীক্ষা হয়েছে বলে জানা যায়। আবেদনকারী অনেকেই ইন্টারভিউর তারিখ জানে না বলে খবর পাওয়া গেছে। অনিয়ম দূর্নীতির মাধ্যমে নিজের পছন্দের লোক নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে স্কুল কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক ও তার ছোট ভাইয়ের স্ত্রী স্কুলের প্রধান শিক্ষক বিউটি আক্তারের বিরুদ্ধে।

গতকাল বৃহস্পতিবার ডিজি’র প্রতিনিধির উপস্থিতিতে সাজানো ও প্রশ্নবিদ্ধ এ নিয়োগ পরীক্ষা সিলেট সরকারী পাইলট বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার নেয়া হয়।

জানা যায়, এতে দুটি শূন্য পদের বিপরীতে মোট ৯৮ জন আবেদন করেন। কিন্তু পরীক্ষায় এর মধ্যে ৪০জন আবেদন প্রার্থী উপস্থিত ছিলেন।

উক্ত নিয়োগ পরীক্ষা নিয়ে গত বুধবার নিয়োগ প্রার্থী কৌশিক রঞ্জন মোহন্ত নামে এক দরখাস্তকারী সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও ঘুষ লেনদেনের অভিযোগ এনে একটি লিখিত আবেদন দাখিল করেন।আবেদনে সাজানো ,প্রশ্নবিদ্ধ, অবৈধ নিয়োগ পরীক্ষা বাতিল ও বন্ধের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।

এ ব্যাপারে গতকালের নিয়োগ পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক’র (ডিজি) প্রতিনিধি সিলেট সরকারী পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্কুলে নিয়োগ পরীক্ষাটি সম্পন্ন হয়েছে। এতে লাইব্রেরিয়ান পদে ২৩জন ও করণিক পদে ৯জন প্রার্থী অংশ নেন।তবে নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য জেলা প্রশাসকে বরাবরে লিখিত অভিযোগ সম্পর্কে আমি কিছু জানিনা।

প্রশ্নবিদ্ধ নিয়োগ পরীক্ষা সম্পর্কে কোম্পানীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা -কে ফোন করা হলে তিনি বলেন, স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে অভিযোগের ব্যাপারটি আমার জানা নেই।তবে এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গের কাছ থেকে এ অভিযোগ আমি মৌখিক ভাবে শুনেছি।

স্কুল কমিটির সভাপতি আবু বকর ছিদ্দিকের সাথে নিয়োগ পরীক্ষা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০জনের মতো উপস্থিত ছিলেন। শূন্য পদ কয়টি জানতে চাইলে তিনি বলেন,১টি লাইব্রেরিয়ান ও ১টি করণিকের পদ শূন্য আছে।স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতির অভিযোগ ও সাজানো নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবরে জনৈক আবেদনকারীর লিখিত অভিযোগ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এ ব্যাপারে আমি কিছুই জানিনা।

স্কুলের প্রধান শিক্ষক বিউটি আক্তারের সাথে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

Development by: webnewsdesign.com