কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে খেলতে গিয়ে সেচ মেশিনের চোরাই বিদ্যুৎ সংযোগের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আপন চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুদ্বয়ের মধ্যে ওই গ্রামের মমিনুল হক ছেলে আল-আমিন (১১) ও আজিদুল হকের ছেলে আজিমুল হক (৭)। নিহতরা আপন চাচাতো ভাই।
ওই গ্রামের জিয়াউল হক জিয়া জানান, একই গ্রামের আবু বক্কর মিয়া বাড়ী থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে নিজ জমিতে ইরি বোরো চাষাবাদ করার জন্য সেচ দিয়ে আসছিল। বুধবার ওই সংযোগের তার মাটিতে পড়ে থাকা অবস্থায় খেলতে যান দুই চাচাতো ভাই।
এসময় মাটিতে পড়ে থাকা তারে অসাবধানতা বশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন দুই ভাই। পরে স্বজনরা তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য-কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফজিলাতুননেছা বন্না দুই শিশুকেই মৃত ঘোষনা করেন।
নিহত আল-আমিন পঞ্চম ও আজিমুল হক প্রথম শ্রেনীর বালাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলো।
নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বের হোসেন মুসা জানান, বিদ্যুৎ স্পৃষ্ট আপন চাচাতো ভাইদ্বয়ের মৃত্যু হয়েছে। থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়েছে।
কুড়িগ্রাম লালমনিহাট পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তফা কামাল জানান, অবৈধ ভাবে সংযোগ নিয়ে সেচ দেয়া হলে তদন্ত করে মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে ফুলবাড়ীর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, বিদ্যুৎ স্পৃষ্ট দুই শিশুর মৃত্যুর খবর শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। স্বজনদের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
Development by: webnewsdesign.com