কুড়িগ্রামের উলিপুরে দুই ফুট উচ্চতার শারীরিক প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী সুমন মিয়া (১৩)কে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর উপজেলা শিক্ষা অফিস চত্বরে উপকরন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলী ইমরান, দলদলিয়া ইউপি সমাজকল্যান সংস্থার উদ্যোক্তা সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, রতিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার, প্রতিবন্ধী সুমন মিয়ার মা হাছনা বেগমসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সুমন মিয়া উপজেলার দলদলিয়া ইউনিয়নের চর রতিদেব গ্রামের আইয়ুব আলীর ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সে তৃতীয় এবং রতিদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন মেধাবী ছাত্র। শারীরিক প্রতিবন্ধিতা নিয়েও ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে ৫ম শ্রেণিতে লেখাপড়া করছে। তার সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগণ অত্যন্ত খুশি হন। অদম্য এ মেধাবী শিক্ষার্থী লাঠির ওপর ভিত্তি করে স্কুলে যাতায়াত করত।
বিষয়টি দলদলিয়া ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থার নজরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুলে ধরা হয়। পরে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নজরে আসলে এ মেধাবী শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি হুইল চেয়ার প্রদান করেন।
Development by: webnewsdesign.com