গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মী হত্যা মামলায় কুষ্টিয়ার দৌলতপুরে দুই আসামি গ্রেপ্তার হয়েছে। প্রয়াত পঁচু দফাদারের ছেলের বউ হীরামন এবং হেলাল নামের আরেক যুবককে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় গ্রামীণ ব্যাংকের মাঠ কর্মী নুরুজ্জামান নান্টুর গলাকাটা লাশ উদ্ধার হলে, পরপরই শুরু হয় পুলিশের তৎপরতা।
এতে পঁচু দফাদারের ছেলে মোমিন, মোমিনের স্ত্রী হীরামন এবং একই ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকার হাশেম সরদারের ছেলে যুবক হেলাল সহ আরও ৩-৪ জনকে অজ্ঞাত উল্লেখ করে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ভিন্ন-ভিন্ন জায়গা থেকে দৌলতপুর থানা পুলিশ হীরামন ও হেলালকে আটক করেছে। আগেরদিন প্রধান আসামি মোমিনের বাড়ির টয়লেট থেকে নুরুজ্জামানের লাশ উদ্ধার হয়।
প্রধান আসামি মোমিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। আটক হীরামনের বছর দেড়েক বয়সী এক শিশু সন্তান রয়েছে। মোমিনকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার। দৌলতপুর থানার ওসি জহিরুল ইসলাম আটকের খবর নিশ্চিত করেছেন গণমাধ্যমকে। এদিকে আটক হীরামনির শিশু কন্যার আর্তনাদে ভারি হয়ে উঠেছে থানা আঙ্গিনা।
Development by: webnewsdesign.com