ভ্রাতৃত্বের অনুশীলনে আলোকিত আগামীর অভিযান- এই স্লোগানকে সামনে রেখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব কাজিপুরের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে ডাস্টবিন স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল মেধাবী শিক্ষার্থী।
শনিবার (৩ অক্টোবর) পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এ্যাসোসিয়েশন অব কাজিপুর নামের এই সংগঠনটি সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সোনামুখী, চালিতাডাঙ্গা, শিমুলদাইড়, ছালাভরা. মেঘাই নদী বন্দর ঘাট, আলমপুর চৌরাস্তা সীমান্তবাজার এবং গান্ধাইল বাজারে ডাস্টবিন স্থাপন করেন। সকাল সাড়ে দশটায় সোনামুখীতে এই কাজের শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁ জেলার সিনিয়র সহকারি জজ কাজিপুরের সন্তান আবু তালেব। তিনি বলেন, “ আজকের ছাত্ররাই আগামীর ভবিষ্যৎ।
তারা আগামীতে দেশে নেতৃত্ব দেবে। কাজিপুরের প্রতি দায়বদ্ধতা থেকেই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কাজিপুরের শিক্ষার্থীরা একত্র হয়ে এই সংগঠনটি গড়েছে। আশা করি তারা নিজেদের মধ্যে যথাযথ নেটওয়ার্কিং এবং কাজিপুরে বিভিন্ন সমাজসেবা ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে যাবে। পরিচ্ছন্ন কাজিপুর গড়তে তারা অগ্রনী ভূমিকা রাখবে।”
এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল জলিল, কাজিপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সোনামুখী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক একরামুল হক বিধু, এ্যাসোসিয়েশনের সভাপতি আল ইমরান ত্বোহা, সাধারণ সম্পাদক আল ইমরান সনেট, দপ্তর সম্পাদক সাদমানুল হক সাকীসহ কমিটির সদস্যগণ।
Development by: webnewsdesign.com