এমসি কলেজে গণধর্ষণ: ছয় নম্বর আসামি মাহফুজ পাঁচ দিনের রিমান্ডে

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৩:২৯ অপরাহ্ণ

এমসি কলেজে গণধর্ষণ: ছয় নম্বর আসামি মাহফুজ পাঁচ দিনের রিমান্ডে
apps

সিলেট এমসি কলেজ ছাত্রাবাস চত্বরে গণধর্ষণ মামলার ছয় নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুমকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চীফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতের বিচারক মো. আবুল কাশেম রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে শাহপরাণ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) অমূল কুমার চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আদালতে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

গত সোমবার রাতে সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকা থেকে মাহফুজুর রহমান মাসুমকে গ্রেফতার করে।

এর আগে, মামলায় গ্রেফতারদের মধ্যে সাইফুর, অর্জুন ও রবিউলকে সোমবার এবং রনি, রাজন ও আইনুদ্দিনকে মঙ্গলবার পাঁচ দিন করে রিমান্ডে নেয় শাহপরাণ থানা পুলিশ।

প্রসঙ্গত, গত শুক্রবার এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে ওই তরুণীকে ধর্ষণ করে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এ ঘটনায় তরুণীর স্বামীর দায়ের করা মামলায় আসামিরা হলেন- সাইফুর রহমান (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।

Development by: webnewsdesign.com