আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই: ওবায়দুল কাদের

শনিবার, ২০ মার্চ ২০২১ | ৩:৩৫ অপরাহ্ণ

আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই: ওবায়দুল কাদের
apps

‘আওয়ামী লীগ সরকারে আছে, কিন্তু রাজপথ ছাড়েনি। সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই’ হুঁশিয়ারি উচ্চারণ করে কথা গুলো জানান দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারাই অস্থিরতা তৈরি করতে চাইবে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে বলেও তিনি জানান।

শনিবার (২০ মার্চ) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেওয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত।

আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আজ আওয়ামী লীগ ক্ষমতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে যারাই দেশে অস্থিরতা তৈরি করতে চাইবে জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ভারত, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ করা হয়েছে, কোনো ব্যক্তি বিশেষকে নয়। এখন স্পষ্ট যে কারা নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও লুটপাট করছে। এ হামলা ও লুটপাট পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

কাফন নিয়ে শাপলা চত্বরে ২০১৩ সালের ঘটনার পুনরাবৃত্তির হুমকি ও নরেন্দ্র মোদীর সফর প্রতিহত করার ঘোষণা এবং ইতিমধ্যেই বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, উগ্র সাম্প্রদায়িক এ অপশক্তিকে প্রতিহত করতে শেখ হাসিনার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবার আহবান জানাই।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও আওয়ামী লীগের একাধিকবার সাধারণ সম্পাদক মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, জিল্লুর রহমানের স্মৃতি আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে।

Development by: webnewsdesign.com